রাঙ্গুনিয়ায় দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩০ ডিসেম্বর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুটি ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। সীমানা-সংক্রান্ত জটিলতা নিয়ে আদালতে মামলার কারণে যথাসময়ে উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ও ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। মরিয়মনগর ইউনিয়নের জনৈক বেলাল উদ্দিনের দায়ের করা সীমানা বিরোধের মামলায় দীর্ঘ আট বছর নির্বাচন স্থগিত থাকে। গত ৩০ জুলাই উচ্চ আদালতের রায়ে সীমানা জঠিলতার নিষ্পত্তি হয়। গত ২২ নভেম্বর ওই দুটি ইউনিয়ন পরিষদের নির্বচনী তফশিল ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৫ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ ডিসেম্বর, ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ইউপি দুটির চেয়ারম্যান নির্বাচন রাজনৈতিক বা দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

এদিকে, তফশিল ঘোষণার পর পর দুই ইউনিয়ন এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মানোনয়ন পেতে ঊর্ধ্বতন নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।