সংবাদ সংক্ষেপ

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হবে। বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসূল আলম চুন্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ।

কালীগ্রাম ইউপি আওয়ামী লীগের সম্মেলন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে। এ সময় আগামী তিন বছরের জন্য কালীগ্রাম ইউনিয়নের ইউনুছ আলী দুলালকে সভাপতি ও সুভাষ চন্দ্র সরকার বাবলুকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মদনে রবিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. লিটন বাঙ্গালীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন প্রমুখ।

মোংলায় আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা মোংলা উপজেলা শাখায় সুনীল কুমার বিশ্বাসকে সভাপতি ও ইব্রাহিম হোসেনকে সাধারণ সম্পাদক এবং পৌর শাখায় শেখ আ. রহমান সভাপতি ও শেখ কামরুজ্জামান জসিমকে সাধারণ সম্পাদক করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মোংলার হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। এর আগে অনুষ্ঠিত প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এবং বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে রবিবার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গয়হাটা অভিযোগ কেন্দ্রে টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার রাম শংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এতে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. ইব্রাহীম খলিল, গয়হাটা ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান আসকর প্রমুখ।

কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবিবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১ হাজার ৩১০ জন কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা দিবসে শোভাযাত্রা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে রবিবার বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা দিবসে উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডাইরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ বিভাগ, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌর শহরে এ শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত।

বিনামূল্যে গম চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদরে রবি/২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবিবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গম ও চিনাবাদাম বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদরের আয়োজনে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে বিতরণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এম নাছিম রেজা নুর দিপু, ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ সদর। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী, সিরাজগঞ্জ সদর।

বামনা মুক্ত দিবস পালিত

বামনা (বরগুনা) সংবাদদাতা বামনা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে রবিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানার  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, সাবেক ডেপুটি কমান্ডার সুবেদার অবসরপ্রাপ্ত মো. তোফায়েল হোসেন, বরগুনার সদরের যুদ্ধকালীন কমান্ডার আ. সত্তার খান, পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মির্জা জহুরুল হক, ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক মো. হাবিবুর রহমান প্রমুখ।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন খুলনা অঞ্চল কমিটি গঠন

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ খুলনা অঞ্চল নতুন কমিটি রবিবার গঠন করা হয়। হাসান আমিনুর পরিষদে সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং বিল্লাল হোসেন কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। সোনাডাঙ্গা কমিউনিটি সেন্টারে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান। ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাপস কুমার বিশ্বাস।