শিশুদের বিকশিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

নতুন প্রজন্মের শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে। শিশুমনের স্বপ্ন বিকশিত হয় এমন এক পৃথিবী গড়তে সবাইকে কাজ করতে হবে। গতকাল আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) আয়োজনে ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সোসিওলোজি ক্লাবের সহযোগিতায় ভার্সিটির ওয়াই ফাই জোনে দিনব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন ও শীত উপহার উত্সব অনুষ্ঠানে বক্তারা এ আহবান জানান। ইস্ট ওয়েস্ট বিদ্যা নিকেতনের ৫৭ সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেয়।

বিটিএফের সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অধ্যাপক ফরাসউদ্দিন বলেন, শিশুদের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলায় সবাইকে কাজ করে যেতে হবে। সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের বোঝা নয়। বিটিএফের সভাপতি জয়শ্রী জামান শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের জন্য একটি বাসোপযোগী পৃথিবী গড়ে তুললে সমাজে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফারশিদ ভুইয়া, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. আনিছুর রহমান, বীকন পয়েন্টের চেয়ারম্যান মো. হানিফ, ইনার হুইল ক্লাব ঢাকা উত্তর-পশ্চিমের সভাপতি সাজেদা আখতার লিপি, রোটারিয়ান লায়লা রোজী, তাহমিনা হাফিজ, রোটারিয়ান ইতি প্রমুখ।