সরষে খেতে বানর নাচন!

পাশেই সংরক্ষিত বনাঞ্চল। বনের ভেতরেই সরিষা খেত। ফুল ফুটতে শুরু করেছে সবে। লোভ সামাল দিতে পারছে না বানরের দল। দলবেঁধে বানরগুলো সরিষা খেতে ফুল খেতে ছুটে যায়। সরিষা খেত পেয়ে তারা নাচন শুরু করে। ফুলবাড়ীয়ার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে অসংখ্য বানর। আর ঐ বানরের দলই উপজেলার সরষে খেতে ঢুকে এসব করছে।

বনে আগের মতো ফলমূলের গাছ না থাকায় হঠাত্ কোথাও ফুল ফুটলে দলবেঁধে তারা ঝাঁপিয়ে পড়ে। বনের পাশেই সরষে আবাদ করেছেন আতাব আলী ও আরশাদ আলী। সরষে আবাদের সময় বানর চলাচলের স্থানে জাল দিয়ে বেড়া দিলেও বেশি দিন টেকেনি। বানরের টানাহেঁচড়ায় বেড়ার অবস্থা নাজুক হয়ে গেছে।