হংকংয়ে স্থানীয় নির্বাচনে রেকর্ড ভোট

হংকংয়ে স্থানীয় নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল চীনকে কঠোর বার্তা দেবে। এই নির্বাচনকে দেখা হচ্ছে প্রধান নির্বাহী ক্যারি ল্যামের জনপ্রিয়তার অন্যতম মাপকাঠি হিসেবে। আজ নির্বাচনের ফল ঘোষণা করা হবে। —খবর বিবিসি ও আল-জাজিরার

শনিবারই গণতন্ত্রকামীরা নির্বাচনে ব্যাঘাত না ঘটিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর ফলে গতকাল ভোটের লাইন অনেক বড়ো দেখা যায়। কর্তৃপক্ষও হুঁশিয়ারি দিয়েছিল, নির্বাচনে সমস্যার সৃষ্টি করলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। হংকংয়ে ৭৪ লাখ মানুষের মধ্যে এবার নিবন্ধিত ভোটার হয়েছেন ৪১ লাখ, যা অর্ধেকেরও বেশি। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ভোটদান শুরু হয়। খবরে জানা গেছে, ২৯ লাখ ভোটার ভোট দিয়েছেন যা মোট ভোটারের ৬৯ শতাংশ। ২০১৫ সালে এই নির্বাচনে ভোট পড়েছিল ৩৭ দশমিক ১২ শতাংশ। ওই নির্বাচনে ৩১ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন ১০ লাখের কিছু বেশি।

 জেলা পরিষদের নির্বাচনে ৪৫২ আসনের বিপরীতে ১ হাজার প্রার্থী লড়েছেন। এবারই প্রথম সব আসনে ভোট হচ্ছে। আর ২৭ টি আসন গ্রাম এলাকার প্রতিনিধিদের জন্য বরাদ্দ আছে। এই নির্বাচন হংকংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ জেলা পরিষদের নির্বাচিতরাই প্রধান নির্বাহী নির্বাচিত করেন। রাত সাড়ে ১০টায় ভোট শেষ হয়। এরপর মধ্যরাত থেকে ভোট গণনা শুরু হয়। আজ সকালে নির্বাচনের ফল পাওয়া যাবে। বর্তমান জেলা পরিষদের ক্ষমতায় থাকা বেশিরভাগই চীনপন্থি। আশা করা হচ্ছে, এবার গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের জয় হবে। উল্লেখ্য, পাঁচ মাসের বেশি সময় ধরে চীন নিয়ন্ত্রিত হংকংয়ে বিক্ষোভ চলছে।