শীতের মৌসুমটা বেশ উপভোগ্য। শীতে ফ্যাশনেবল পোশাক পরতে সবাই খুব পছন্দ করেন। বিভিন্ন ট্রেন্ডের পোশাকও এসময় পাওয়া যায়। এসব বৈচিত্র্যপূর্ণ শীত পোশাক নিয়ে লিখেছেন তাসনিয়া লস্কর
ভোরের শিশির, রাতের কুয়াশা জানান দিচ্ছে শীত সমাগত। সাধারণ টিউনিক কিংবা জিন্স, টি-শার্ট পরে আর চলছে না। গরম কাপড় চাই এখন! তবে খুব ভারী নয়, ব্লেজার বা হুডেড টিউনিক যথেষ্ট এই সময়ে। আবার শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে লাগবে ভারী জ্যাকেট, সোয়েট শার্ট ইত্যাদি। ফ্যাশন ইন্ডাস্ট্রির ট্রেন্ডও বদলে যায় বছর বছর। ফ্যাশন সচেতন নারী-পুরুষ সবার জন্য শীতের পোশাকে নতুনত্ব নিয়ে আসে আমাদের ফ্যাশন হাউসগুলো। টুয়েলভ ক্লোথিংয়ের কর্ণধার ফাহমিদ বলেন, ‘গরম কাপড় মানেই এখন আর মোটা কাপড় বোঝায় না। তা ছাড়া তরুণেরা চান শীতের কাপড়েও যেন ফ্যাশন সেন্স ফুটে ওঠে পুরোমাত্রায়। সামগ্রিক বিবেচনায় এবারের শীতের পোশাকে আমরাও তাই লাইট উইন্টার তথা হালকা শীতের কাপড়ে ভিন্নতা নিয়ে এসেছি। পাশাপাশি ভারী শীতের জন্যও আমরা বিশেষ পোশাক রেখেছি। এবার শীতের পোশাক সমাহারে সম্পূর্ণ নতুন ঘরানার কিছু পোশাক নিয়ে আসা হয়েছে এ দেশের ফ্যাশন সচেতন নারী ও পুরুষদের জন্য। নারীদের জন্য আনকোরা টার্টান এমব্রয়ডারিড ব্লেজার, টুইড জ্যাকেট, ট্রেঞ্চ কোট ও প্লেইড হুডি টিউনিকের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে পোলো নেক সোয়েটার, টার্টান শার্ট, অ্যাংকল লেংথ পেন্ট ও প্রিন্স অব ওয়ালেস ব্লেজার। শীত সমাহারে নারীদের পোশাকসমূহের মাঝে উল্লেখযোগ্য হলো ব্লেজার, জ্যাকেট, হুডি টিউনিক। পুরুষের পোশাকের মাঝে রয়েছে ব্লেজার, সোয়েটার, সোয়েট শার্ট, জগার, ফুল স্লিভ টি-শার্ট, পোলো টি-শার্ট ও ডেনিম প্যান্ট।’ তিনি আরও বলেন, ‘শীতে শুধু ফ্যাশন মাথায় রাখলেই তো হবে না, শীতের সুরক্ষার কথাও মাথায় রাখতে হবে। সব দিক মাথায় রেখেই আমরা সব ধরনের কাপড় এনেছি । শুধু ক্যাজুয়াল পোশাক না, ফেস্টিভ্যাল ব্যাপারটাও আমরা মাথায় রেখেছি। শীতে তো বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সে ধরনের উপযুক্ত পোশাকও আমরা এনেছি। ছেলেদের জন্য ব্লেজারগুলো পাওয়া যাবে ১০ থেকে ১৪ হাজার টাকার মধ্যেই। আবার ছেলেমেয়ে উভয়ের জন্য যে সিঙ্গেল পিসগুলো আনা হয়েছে বাজারে তার দাম ১৪ শ থেকে দুই হাজার টাকার মধ্যে।’
মডেল অন্তরা ও তিথি
পোশাক টুয়েলভ ক্লথিং
ছবি আবির হোসেন