মতলবে এতিমখানার ছাদ ধসে আহত অর্ধশতাধিক

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি আল-আমিন এতিমখানা ভবনের দোতলার বারান্দার  ছাদ ধসে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে বর্তমানে চাঁদপুর জেলা সদর হাসপাতালে ১০ জন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিত্সাধীন রয়েছে। এছাড়াও ১৪ জনকে দুই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সার দেয়ার পরে ছেড়ে দেয়া হয়। তবে গুরুতর আহত মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী সিয়ামসহ তিন শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

চাঁদপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন—স্কাউট শিক্ষক মোহাম্মদ হোসেন (৫২), শিক্ষার্থী সাব্বির (১৪), নাহিদ-১ (১২), আব্দুল্লাহ (১৩), নাহিদ-২ (১২), আইনউদ্দিন (১৪), রিফাত (১৩), বিল্লাল (১২), সজিব (১৪), আব্দুল আজিক (১৫), সিহাব (১১), হোসাইন (০৯), ইব্রাহিম (১০)।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে ইমন (১৪), আবুল কাশেম (১৫), তানভীর (১৪), মাজহারুল ইসলাম (১৫), জয়নাল আবেদীন (১৬), ইসমাইল (১৪), আল-আমিন (১৩), মেহেদী হাসান (১৪), হাসিব (১৩), ইয়াছিন (১৫), রবিউল্লাহ (১৪)।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে সুজন মিয়া (১২), আকরাম (১৪), শাফায়েত (১৩), তামীম (১২), রাকিব (১৩), হাবিব (১৪), আজহারুল (১৪), আহমে্দ (১৫), আরিফ (১৩), ফয়সাল (১২), ইকবাল (১৩)।

ফরাজীকান্দি আল আমিন এতিমখানার আবাসিক কর্মকর্তা লিটন সরকার জানান—এতিমখানার ছাত্ররা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ঢাকা, চাঁদপুর স্টেডিয়াম ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য তিনটি টিম পাঠিয়ে থাকে।  শনিবার রাত পৌনে ১০টায় মতলব উপজেলা প্রশাসনের বিজয় দিবস অনুষ্ঠানে ছোটো বাচ্ছাদের যেই টিমটি পাঠানোর কথা সেই টিমটিকে নিয়ে স্কাউট শিক্ষক মোহাম্মদ হোসেন টিম মিটিং করা অবস্থায় চারতলা এতিমখানা ভবনের দ্বিতীয় তলার বারান্দার ছাদের একাংশ ধসে পরে।