গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘২ লাখ টাকার মেশিন ৫৪ লাখে ক্রয়’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। প্রতিবাদে বলা হয়েছে, টাকা গণনার একটি মেশিন নয়, ৫০টি মেশিন ক্রয় করা হয়েছে। যার প্রতিটির মূল্য ১ লাখ ৮ হাজার ১৪৬ টাকা। সে হিসাবে ৫০টি মেশিনের দাম ৫৪ লাখ ০৭ হাজার ৩০০ টাকা। প্রকাশিত সংবাদে যে সমস্ত তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত, যা আদৌ সঠিক নয়।
প্রতিবেদকের বক্তব্য
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুটি অডিট ফার্ম এ ব্যাংকের ওপর নিরীক্ষা করে। সেই নিরীক্ষা প্রতিবেদনের আলোকেই সংবাদপত্রের জন্য প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে একটি মেশিনের দাম ৫৪ লাখ ০৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে সংবাদে আরো অনেক তথ্যের উল্লেখ থাকলেও একটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে রাকাব প্রতিবাদ জানায়নি। আর সংবাদটি প্রস্তুত করার সময় যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে।