ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুত্ কেন্দ্রের সামনে ঝোঁপঝাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছোড়া, দুটি রামদা, একটি চাপাতি ও লোহার রড জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস ফকির বাদী হয়ে রবিবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাই ঠেকাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুত্ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ঐ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার গ্রামের মো. শাওন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাগ গ্রামের বাবু, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের রনি ও বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামের মো. মনির হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ-সাত জন ডাকাত পালিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।