অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় তার বিরুদ্ধে ৬৫ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, আবদুল মালেক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডিএনসিসির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময় তিনি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগের ৬৫ লাখ ৩৩ হাজার টাকার মালামাল আত্মসাত্ করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে আবদুল মালেকের দায়িত্ব ছিল ভান্ডারের মজুত মাল গ্রহণ, সংরক্ষণ ও হিসাব সংরক্ষণ করে বিতরণ করা। কিন্তু দায়িত্ব পালনকালে তিনি ভান্ডার ও ক্রয় বিভাগের রেজিস্টারগুলোর হিসাব ঠিকমতো সংরক্ষণ করেননি। অনুসন্ধানের সময় রেজিস্টারগুলো পরীক্ষা করে দেখা গেছে, মাল মজুতের হিসাব থাকলেও বিতরণের হিসাব ঠিকমতো নেই। তিনি কাকে কী বিতরণ করেছেন এবং তিনি কীভাবে মজুত মাল ব্যবহার করেছেন, তার কোনো হিসাব নেই। যারা মাল গ্রহণ করেছেন, বিতরণ ও খরচের কলামে তাদের স্বাক্ষর নেই। সার্বিক পর্যালোচনা, আসামির বক্তব্য ও রেকর্ডপত্র পরীক্ষায় প্রতীয়মান হয় যে, আসামি আব্দুল মালেক সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ৬৫ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের সরকারি মালামাল আত্মসাত্ করেছে, যা দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।