বিশ্বকাপ ফাইনালের অনুভূতি পেয়েছেন সৌরভ

ইডেন টেস্ট

 স্পোর্টস ডেস্ক

ম্যাচটাকে একপেশে বললেও কম বলা যায়। বিরাট কোহলিদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল। যদিও, ইডেনে সদ্য শেষ হওয়া গোলাপি বলের টেস্টকে নিয়ে উত্সাহ-উদ্দীপনার কোনো কমতি ছিল না ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। আর সব কিছুর মূলে ছিলেন সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআইয়ের নতুন এই সভাপতির চেষ্টায় ইডেনের মাঠে যেন আকাশের সব তারকার আবির্ভাব ঘটেছিল। একটা টেস্ট ম্যাচকে ঘিরে এত আয়োজন এর আগে কখনোই দেখা যায়নি। জমজমাট আয়োজনের কারণেই কি না, ম্যাচটা রীতিমতো বিশ্বকাপ ফাইনালের অনুভূতি এনে দিয়েছে সৌরভ গাঙ্গুলিকে।

তিনি বলেন, ‘চারপাশে কি ছিল না? চোখে পড়েছে তো? টেস্ট ক্রিকেটে আগে কখনো কি এমন দেখা গেছে? কিংবা, আগে আর কবে টেস্ট ম্যাচ দেখতে এত লোক এসেছিল? আমার তো মনে হয়েছে বিশ্বকাপের ফাইনাল চলছে।’

আর সফল এই টেস্ট আয়োজনের জন্য ব্যস্ত সময় কাটাতে হয়েছে সৌরভকে। একদম দম ফেলারও ফুরসত্ ছিল না তার। তিনি মজা করে বললেন, ‘আমি মনে হয় পৃথিবীর ব্যস্ততম মানুষ ছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে, এতদিন দম ফেলারও সুযোগ পাইনি। ইডেনে খেলা দেখার জন্য প্রচুর মানুষ এসেছিলেন। এতেই আমি খুশি। খেলা তিন দিনে শেষ হয়ে গেল ঠিকই, তবে চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল আগেই।’

দুই দেশের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্টকে সাফল্যমণ্ডিত করতে চেষ্টার কোনো কমতি রাখেনি বিসিসিআই। সৌরভও নিজেদের কাজে সন্তুষ্ট। সাবেক এই অধিনায়ক বলেন, ‘২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া টেস্টে টানা পাঁচ দিন ইডেন ভর্তি ছিল। আমার দৃঢ় বিশ্বাস শুধু কলকাতা নয়,  মোম্বাই-চেন্নাই-বেঙ্গালুরু যেখানেই ভারত খেলবে, সেখানেই ক্রিকেট দলের খেলা দেখার জন্য মানুষ আসবেন। আর কেনই-বা আসবেন না তারা। এই দলে রয়েছে বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, মোহাম্মদ শামি, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটাররা। আসলে খেলোয়াড়রাই আসল। তারা খেলে বলেই স্পোর্টস জনপ্রিয় হয়। প্রশাসকরা শুধু খেলোয়াড়দের কাজটা সহজ করে দিতে পারে।’

সৌরভ জানালেন, ভারত এখন দিবারাত্রির টেস্টে মনোযোগ দেবে। আসছে বছরেই নিউজিল্যান্ডের মাটিতে একটা দিবারাত্রির টেস্ট খেলতে পারে ভারত। যদিও, সৌরভ জানিয়েছেন এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলতে চায় ভারত।

তিনি বলেন, ‘কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আমরা হাতে অনেক সময় পাচ্ছি। ভবিষ্যতে দিবারাত্রির টেস্ট নিয়ে আমরা কি করব, সেটা বলার এখনো সময় আসেনি। তবে, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা খুব গুরুত্বের সঙ্গে ভাবছি। খুব দারুণ ব্যাপার হয়, যদি আমরা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে গোলাপি বলে খেলতে পারি। দর্শকদের জন্যও দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে।’