পত্রিকার খবরে জানা গেল, জনতার আদালত বসিয়ে মৌলভীবাজারের বড়লেখায় বানরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অথচ বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী যে কোনো বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। দলছুট বানরটি বিশ দিন আগে লোকালয়ে প্রবেশ করে শিশুসহ প্রায় ৩০-৩৫ জনকে আহত করে। ক্ষতিগ্রস্ত ও উদ্বিগ্ন এলাকাবাসী বনকর্মকর্তার শরণাপন্ন হলে তিনি বানরটিকে মেরে ফেলার নির্দেশ দেন। ইত্তেফাকে বলা হয়েছে, বানরটিকে ধরার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠাতে ঢাকায় যোগাযোগ করা হয়েছে বলে বন কর্মকর্তা উলেখ করেন। প্রশ্ন হলো, একজন বনকর্মকর্তা কিভাবে সরাসরি আইন অমান্য করে একটি বন্যপ্রাণী হত্যা করতে বলতে পারেন এলাকাবাসীকে? আর বন্যপ্রাণী ধরার যন্ত্রপাতিই বা কেন ঢাকায় শুধু থাকবে? নিজেদের, শিশুদের রক্ষার জন্য এলাকাবাসী তাদের দায়িত্ব পালন করেছেন বানরটিকে হত্যা করে। কিন্তু বনবিভাগ পারেনি তাদের দায়িত্ব পালন করে প্রাণিটিকে বনে ফিরিয়ে দিতে। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ প্রবাদটি মিথ্যে হতে পারে না। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রাকিবুল হাসান রাসেল, মহাখালী, ঢাকা
০