রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে সারাবছর ক্লাস না করা অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব শিক্ষার্থীর অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামীপন্থি প্রভাবশালী শিক্ষকদের বাড়তি সমর্থন পেতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আখতার হোসেন নিয়মবহির্ভূতভাবে এ অনুমোদন প্রদান করেছেন। এ নিয়ে বিভাগে নিয়মিত ক্লাস করেন এমন শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসে অবশ্যই ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। তবে কোনো কারণবশত উপস্থিতি ৬০-৭৫ শতাংশের মধ্যে হলে জরিমানা প্রদান সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে; কিন্তু উপস্থিতি ৬০ শতাংশের কম হলে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে শিক্ষার্থীদের উপস্থিতির হিসাব অনুযায়ী বিভাগের মোট ২৯০ শিক্ষার্থীর মধ্যে এ বছর ননকলেজিয়েট হয়েছে প্রায় ২৬ শতাংশ এবং ডিসকলেজিয়েট হয়েছে প্রায় ২৫ শতাংশ। এসব ডিসকলেজিয়েট শিক্ষার্থীর মধ্যে ১২ জন সারাবছরে ১০ শতাংশ ক্লাসও করেননি।
জানতে চাইলে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক আখতার হোসেন বলেন, একাডেমিক কমিটির সভায় অধিকাংশ শিক্ষকের সমর্থনে তাদের পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে কোনো বিভাগ চাইলে ডিসকলেজিয়েট শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে পারে; কিন্তু ফোকলোর বিভাগ প্রশাসনের অনুমতি নিয়েছে কি না সেটি নথি দেখে বলতে হবে।
এ ব্যাপারে ২০১১-১২ শিক্ষাবর্ষের এক প্রাক্তন শিক্ষার্থী জানান, আমাদের ক্লাসে আমিসহ দুই জন ডিসকলেজিয়েট ছিলাম। পলিটিক্যাল পাওয়ার না থাকায় আমাদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি।