ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে চাকরি গেল মার্কিন প্রধানের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে চাকরি হারালেন মার্কিন নৌবাহিনীর প্রধান রিচার্ড স্পেন্সার। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক আদেশে তাকে অপসারণ করেছেন। নেভি সিলের এক সদস্যের ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরাগভাজন হন স্পেন্সার। মৃতদেহের সঙ্গে ছবি তোলায় অভিযুক্ত হন এডওয়ার্ড গালাগার নামের ঐ সদস্য। গালাগারের একটি ডিসিপ্লিনারি রিভিউর মুখোমুখি হওয়ার কথা ছিল, যার মধ্য দিয়ে তিনি নেভি সিলের সদস্যপদ হারাতে পারতেন। মার্ক এসপার বলেন, নৌবাহিনীর প্রধানের ওপর থেকে তার আস্থা উঠে গেছে। কেননা তিনি হোয়াইট হাউজের সঙ্গে যে ব্যক্তিগত আলাপ করেছেন, তা তার পদের সঙ্গে পরস্পরবিরোধী। যদিও ট্রাম্প বলেছেন, স্পেন্সারের অতিরিক্ত খরচ নিয়ে তিনি নাখোশ ছিলেন। একই সঙ্গে গালাগারের বিচার প্রক্রিয়া নিয়েও তিনি স্পেন্সারের প্রতি অসন্তুষ্ট। অন্যদিকে কড়া ভাষায় লেখা এক চিঠিতে স্পেন্সার বলেছেন, নিয়ম ও শৃঙ্খলা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ ছিল। — বিবিসি