কদমতলীতে দগ্ধ শিশু হাসপাতালে মৃত্যু

রাজধানীর কদমতলীতে মায়ের কোলে দগ্ধ হওয়া শিশু তোহা মনি চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় তোহা মনি। আগুনে তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তোহা মনির বাবা মো. ফেরদৌস গাজী বলেন, তারা কদমতলীর মাদ্রাসা রোড এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তোহা তাদের একমাত্র সন্তান। গত ২১ নভেম্বর তাদের বাসায় গ্যাস ছিল না। রান্নার জন্য লাকড়ির চুলার ব্যবস্থা করা হয়। সে সময় তোহা মনি মায়ের কোলেই ছিল। তারপিন দিয়ে লাকড়ির চুলায় আগুন জ্বালাতে গেলে আগুনের ফুলকি ছিটকে তোহা মনিসহ তার মা ঝুমি আক্তার দগ্ধ হয়। এছাড়া পাশে থাকা তোহা মনির ফুফু শাহিনুর ও মামাতো বোন কাজলীও দগ্ধ হন। পরে তাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দগ্ধ তোহা মনি হাসপাতালে চিকিত্সাধীন ছিল।