রাস্তায় নামলে নেত্রী এতদিনে মুক্তি পেতেন —গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর বিএনপি নেতাদের অতিমাত্রায় নির্ভরতার সমালোচনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক বছর ১০ মাস আদালতের রায়ের ওপর ভরসা না করে যদি আমরা রাস্তায় আন্দোলন করতাম, তাহলে এতদিনে নেত্রী মুক্তি পেয়ে যেতেন।

গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, দেশের জনগণ যা কিছু পেয়েছে, আন্দোলন করেই পেয়েছে, আদালতের রায়ে পায়নি। দেশ স্বাধীন করা হয়েছে, সেটাও আন্দোলনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে হয়েছে, আদালতের রায়ে হয়নি। নেত্রীকে মুক্ত করতে হলে আন্দোলন করেই করতে হবে। আদালতের রায়ে হবে না।

তিনি বলেন, সরকার সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে। পেঁয়াজের দাম আকাশচুম্বি, চালের দাম বৃদ্ধি, শিশু ধর্ষণ, ক্যাসিনোকাণ্ড, ব্যাংকের টাকা লুট—এসবই কি গুজব? এসব বুঝ দিয়ে আর কতদিন চলবে?

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহফুজ কবির। এতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।