‘গণমুখী পুলিশিং :বরিশাল রেঞ্জ’
বরিশাল অফিস
বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের উদ্যোগে বরিশালে ‘গণমুখী পুলিশিং :বরিশাল রেঞ্জ’ বইয়ের মোড়ক উন্মোচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ২৩৮ পৃষ্ঠার বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডিআইজি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় রেঞ্জ ডিআইজি বলেন, দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। সুখী, সমৃদ্ধ এবং সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ‘সোনার বাংলাদেশ’ গড়তে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যকে সামনে রেখেই ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের জন্য কাঙ্ক্ষিত পুলিশি সেবা প্রদানে গণমুখী পুলিশিং কার্যক্রম শুরু করা হয়। আর এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে ‘গণমুখী পুলিশিং : বরিশাল রেঞ্জ’ পুস্তকটি প্রকাশ করা হয়েছে।