লক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যা মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় প্রদান করেন। এছাড়া প্রত্যেক আসামিকে আরো ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শারমিন আক্তার ও জামাল, নাজিম ও জসিম। তবে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২০১৬ সালের ১৪ জুলাই রাতে ঘটনাটি ঘটে। পরদিন ১৫ জুলাই শারমিন আক্তার ও তার প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জাকেরা বেগমের দেবর মো. খোরশেদ আলম। হত্যার পাঁচ মাস পর তদন্ত শেষে চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।