রাঙ্গামাটিতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিকশা সচেতন চালকরা। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার হাতে নিয়ে তারা মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন, অটোরিকশা চালক আবুল কালাম, কামাল হোসেন, মঈনউদ্দিন, প্রিয়তোষ দত্ত।  মানববন্ধনে বক্তারা বলেন, অটোরিকশা চালকদের দাবি রাঙ্গামাটিতে অবৈধ অটোরিকশা চলাচলের কারণে বৈধ চালকদের অর্থ উপার্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও শহরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট এবং অবৈধ গাড়ি চালকদের গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শহরে দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যাও বেড়ে চলেছে। অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। এর আগে সকালে রাঙ্গামাটিতে নম্বরবিহীন সিএনজি অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন করতে চাইলে এর বিপরীতে গাড়ির নাম্বার পাওয়ার দাবিতে আরেকটি দল মানববন্ধন করতে আসে। এই নিয়ে রাঙ্গামাটিতে অটোরিকশা চালকরা মুখোমুখি অবস্থান নেয়। সংঘাত এড়াতে পুলিশ কাউকে কোনো কর্মসূচি করতে দেয়নি। পরে দুই পক্ষ আলাদা আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।