স্টাফ রিপোর্টার, রাজশাহী
নগরীতে মশক নিয়ন্ত্রণে আগামী ২৭ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। উক্ত পরিকল্পনার আওতায় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ উল্লিখিত সময়ে প্রতিদিন সকাল সাড়ে ৬টা এবং বিকেল ৪টা থেকে পাঁচটি করে ওয়ার্ডে দুই বেলা ১৮ দিন এবং কেন্দ্রীয়ভাবে সাত দিন করে মোট ২৫ দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করবে।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্মতালিকা অনুযায়ী স্প্রে পরিচালিত হবে। প্রতিদিন কর্মতালিকা মোতাবেক পাঁচটি ওয়ার্ডে কাউন্সিলরগণের সহযোগিতায় সকাল সাড়ে ৬টা ও বিকেল ৪টা থেকে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, হাউজ, সেফটিক ট্যাংক ও জঙ্গলে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাসিকের পরিচ্ছন্ন দপ্তর। রাসিকের এ কার্যক্রমে সহযোগিতা করতে মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।