বড়লেখায় বেকারিসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় ছয় প্রতিষ্ঠানকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বড়লেখা পৌর শহরের তিনটি বেকারি ও তিনটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ জরিমানা করা হয়েছে। জানা গেছে, নারী শিক্ষা কলেজ এলাকার শ্যামলী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, বড়লেখা সরকারি কলেজ এলাকার বিসমিল্লাহ বেকারিকে ৫০ হাজার টাকা, উত্তর চৌমুহনী এলাকার গ্রামীণ ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উত্পাদন ও মেয়াদের তারিখ-সংক্রান্ত তথ্য ছাড়া দই বিক্রির জন্য পৌর শহরের পাল মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, পুষ্প মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা ও ঝুমা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘তিনটি বেকারিতে খুবই অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া তিনটি মিষ্টির দোকানে বিএসটিআইর অনুমতি ও উত্পাদন এবং মেয়াদের তারিখ-সংক্রান্ত তথ্য ছাড়া দই বিক্রি করতে দেখা যায়। ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’