ফের ধরা পড়ল বিপুল পরিমাণ অবৈধ বন্ডের কাপড়

g ইত্তেফাক রিপোর্ট

বন্ডেড সুবিধায় আনা কাপড় চোরাইপথে খোলাবাজারে বিক্রি ঠেকাতে চলমান অভিযানে এবার দুই কাভার্ড ভ্যানভর্তি কাপড় ধরা পড়েছে রাজধানীর কলাবাগানে। শুল্ক-করসহ এসব কাপড়ের দাম প্রায় ১ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ড কমিশনারেট অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব কাপড় আটক করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন ইত্তেফাককে বলেন, সাভারের বাইপাইল থেকে অবৈধ বন্ডেড ফেব্রিকস নিয়ে গাড়ি দুইটি পুরোনো ঢাকার ইসলামপুর বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটে যাচ্ছিল। প্রায় ছয় ঘণ্টা গোপন অনুসরণ এবং ধাওয়া করে সোমবার রাত ৯টার দিকে কলাবাগান এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি দুইটি আটক করা হয়। গাড়ি দুইটি তল্লাশি করে বিভিন্ন ধরনের মোট ৪৬১ রোল ফেব্রিকস পাওয়া যায়। তিনি বলেন, অবৈধ বন্ডেড ফেব্রিকসের উত্স, মাধ্যম এবং গন্তব্য চিহ্নিত করাসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাপড় ও সুতা খোলাবাজারে বিক্রি রোধে কঠোর অবস্থান নিয়েছে এনবিআর। এরই অংশ হিসেবে গত কয়েক মাসে বন্ডের কাপড়ের কিছু ঘাঁটি চিহ্নিত করে সেখানে উপর্যুপরি অভিযান চালায় বন্ড কমিশনারেট অফিস। বিশেষত পুরোনো ঢাকার ইসলামপুর, সদরঘাট, উর্দু রোড, নয়াবাজার, সিরাজগঞ্জের বেলকুচি, নারায়ণগঞ্জের টানবাজার, নরসংদীর মাধবদীসহ আরো কিছু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বন্ডেড ফেব্রিকস, সুতা, পিপি দানা, কাগজ, কেমিক্যালস, বিওপিপি ফিল্ম প্রভৃতি আটক করা হয়। ইসলামপুর-সদরঘাট এলাকায় চারটি অভিযানে আটকের ঘটনায় বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মূল হোতাদের কয়েক জন ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।