বিআইবিএমের বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু হচ্ছে আজ

g ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ৮ম বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৯ (এবিসি-২০১৯) শুরু হচ্ছে আজ বুধবার। দুই দিনব্যাপী এ বার্ষিক ব্যাংকিং সম্মেলন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্লানারি সেশনে ২৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক এবং শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন। দুই দিনের সম্মেলনে দেশি-বিদেশি প্রায় হাজার খানেক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড়ো এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম। ব্যাংক, আর্থিক খাত এবং অর্থনীতির সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।