স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফ আগেই হয়ে গেছে। সব দলই তাদের দেশি-বিদেশি খেলোয়াড়ের তালিকা গুছিয়ে ফেলেছে। তবে প্রতিটি দলের সামনেই সুযোগ ছিল ড্রাফটের বাইরে থেকে দুই জন করে খেলোয়াড় যোগ করার। সেই সুযোগ কাজে লাগানোতে এরই মধ্যে বিপিএলে খেলা নিশ্চিত করে ফেলেছেন আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, শেলডন কটরেল, শোয়েব মালিকরা।
ডিসেম্বরের ৮ তারিখ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। উদ্বোধনী খেলায় মিরপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। দিনের অন্য খেলায় লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।
বিপিএলে প্রতিদিন দুটো করে খেলা অনুষ্ঠিত হবে। দিনের খেলা শুরু হবে সাড়ে ১২টা থেকে। আর রাতের খেলা শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিট থেকে। শুক্রবার অবশ্য একটু অন্যরকম সূচি। সেদিন দিনের খেলা শুরু হবে ২টা থেকে এবং রাতের খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।
ঢাকায় প্রথম পর্বে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত খেলা হবে। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর খেলা হবে চট্টগ্রামে। ২৭ থেকে ৩১ ডিসেম্বর আবার ঢাকায় খেলা হবে। ২ থেকে ৪ জানুয়ারি খেলা হবে সিলেটে। ৭ জানুয়ারি থেকে শেষ পর্যন্ত ঢাকায় খেলা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
ড্রাফটের বাইরে থেকে সিলেট থান্ডার্স দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কটরেলকে। তিনি গত বছর খেলে গেছেন রংপুর রাইডার্সে। এ ছাড়াও সিলেট ড্রাফটের বাইরে থেকে নিয়েছে দেশি ফাস্ট বোলার এবাদত হোসেনকে।
রাজশাহী রয়্যালস এ নিয়মে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজেরই আন্দ্রে রাসেলকে। তারা এর আগেই একই ব্যবস্থায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। শোয়েবকে দলটির অধিনায়কত্ব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ড্রাফটের বাইরে থেকে দলে নিল এবার লেন্ডল সিমন্সকে। চট্টগ্রাম দলটিতে ফলে তৈরি হলো ক্যারিবীয়দের আধিপত্য। এই দলে আগে থেকেই আছেন টি-টোয়েন্টির কিংবদন্তি ক্রিস গেইল। এ ছাড়া কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিটও খেলবেন এ দলের হয়ে।