মেসির ৭০০তম ম্যাচ আজ

বার্সা জিতলেই

 শেষ ষোলোয়

আজকের খেলা:

জেনিত             অলিম্পিক লিয়

ভ্যালেন্সিয়া        চেলসি

লিভারপুল         নাপোলি

জেঙ্ক                সালসবুর্গ

লিপজিগ           বেনফিকা

বার্সেলোনা        বরুশিয়া ডর্টমুন্ড

স্লাভিয়া প্রাগ       ইন্টারমিলান

লিলি                আয়াক্স 

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা আজ বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে যাবে। কিন্তু ইউরোপীয় এই প্রতিযোগিতায় ভালো করতে চাইলে তাদের খেলায় আরো উন্নতি ঘটাতে হবে।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা নিজ মাঠেই মুখোমুখি হবে জার্মান ক্লাবটির। এটি হবে স্প্যানিশ ক্লাবটির হয়ে অধিনায়ক লিওনেল মেসির ৭০০তম ম্যাচ। জাভি হার্নান্দেজের পর বার্সেলোনা খেলোয়াড় হিসেবে তিনিই হবেন এই মাইলফলকে পৌঁছা দ্বিতীয় ফুটবলার। জাভি খেলেছিলেন ৭৬৭ ম্যাচ।

মেসি এই খেলাগুলোয় ৬১২ গোল করেন। শুধু তাই নয় ৩২ বছরের এই আর্জেন্টাইন খেলাগুলোয় সতীর্থদের গোলেও অবদান রেখেছেন ২৪৮ বার।

আজ রাতে এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের যে সাতটি খেলা আছে, তাতে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল আতিথ্য দেবে নাপোলিকে। এদের কারোরই পরের রাউন্ডে যাওয়া নিয়ে সমস্যা নেই।

তবে বার্সেলোনাকে নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তা আছে। কারণ কোচ আর্নেস্তো ভেলভার্দের দল আজকের আগ পর্যন্ত চার খেলায় কেবল চার গোল করেছে। এর মধ্যে লুই সুয়ারেজ দিয়েছেন দুটি। একটি এসেছে অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে। অপরটি ছিল বিপক্ষ স্লাভিয়া প্রাগের আত্মঘাতী গোল।

চ্যাম্পিয়ন্স লিগ চালুর পর বার্সেলোনা গ্রুপ পর্বে চার খেলায় এর চাইতে কম গোল করেছিল কেবল একবার। এবারের গ্রুপ পর্বে খেলছে যে ৩২ দল তাদের মধ্যে ২২টিই স্প্যানিশ চ্যাম্পিয়নদের চাইতে বেশি গোল করেছিল। কিন্তু শিরোপা পুনরুদ্ধার করতে চাইলে বার্সেলোনার দরকার দলের বাদবাকিদেরও মাঠে গোল করে জ্বলে ওঠা।

বিশেষ করে ফরাসি আন্তনিও গ্রিজমানকে। কেননা ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডটির ইউরোপীয় পারফরমেন্স অনেক বাজে যাচ্ছে। বরুশিয়ার বিরুদ্ধে জিতলে বার্সেলোনার শুধু নকআউটই নিশ্চিত হবে না, ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিতপ্রায় হবে।

আবার এর অন্যথা হলে শেষ দুটি খেলা পর্যন্ত ঝুলে থাকবে তাদের ভাগ্য। কারণ চার খেলায় আট পয়েন্ট পাওয়া বার্সার চাইতে এক পয়েন্ট কম নিয়ে বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ডর্টমুন্ড। বার্সেলোনার পরের খেলাটি হবে ইন্টারমিলানের বিরুদ্ধে। ইতালির ক্লাবটি চার খেলা শেষে আছে চার পয়েন্টে। আজ তাদের খেলা স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের জন্য মৌসুমটা ত্রুটিহীনই যাচ্ছে। তার পরও ইউরোপ জুড়ে নাপোলিই হলো একমাত্র দল যারা লিভারপুলকে হারাতে সক্ষম হয়েছে। চার খেলায় তিন জয় নিয়ে ‘ই’ গ্রুপে কোচ য়ুর্গেন ক্লাপের দলই আছে শীর্ষে। আজ ইতালির ক্লাবটিকে হারাতে পারলে তাদের শেষ ষোলোয় পৌঁছা নিশ্চিত হয়ে যাবে।

নাপোলিকে নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে হলে অবশ্য জিততে হবে। এ খেলাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দুর্দশায় নিপতিত নাপোলির কোচ কার্লো অ্যানচেলোত্তির ভাগ্যও। তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলোত্তি নাপোলির দায়িত্ব নিয়ে প্রথম বছরে তাদের ইতালির লিগে রানার্স আপ করান। কিন্তু এ মৌসুমে লিভারপুলকে নিজ মাঠে ২-০ গোলে হারানোর পর ড্রেসিং রুমে অসন্তোষ এবং খেলোয়াড় বনাম ক্লাব কর্তৃপক্ষের বিবাদে নাপোলি বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।