স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারানোর পরও নিজ দলের আরো উন্নতি করার ক্ষেত্র রয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন।
সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যানরা ধুঁকলেও ব্রিসবেনে তারা দারুণ কার্যকরী ছিল। এক মুহূর্তের জন্যও তারা দলকে শঙ্কিত করেনি। ডেভিড ওয়ার্নার ১৫৪ রান এবং তার ওপেনিং পার্টনার জো বার্নস ৯৭ রান সংগ্রহ করেছেন। তিন নম্বরে ব্যাটসম্যান মার্নাস লাবুশেন করেন ১৮৫ রান। স্বাগতিক দলের হয়ে একমাত্র ব্যর্থ ব্যাটসম্যানের নাম ৪ রান সংগ্রহ করা স্টিভ স্মিথ। যিনি ইংল্যান্ডের মাটিতে দারুণ সফল ছিলেন।
অবশেষে অস্ট্রেলিয়া তাদের দীর্ঘ প্রতীক্ষিত শীর্ষ তিন খুঁজে পেয়েছে কিনা জানতে চাইলে জবাবে পাইন বলেন, ‘হ্যাঁ বলার সময় এখনো আসেনি। এক ইনিংসে পুরো গ্রীষ্মের বিচার করা যায় না। তবে যে ইতিবাচক খেলা আমরা প্রদর্শন করেছি তাতে সবাই খুবই খুশি।’
অ্যাশেজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে লাবুশেন নিজের সম্ভাবনার জানান দিয়েই রেখেছিলেন। পাইনের মতে ‘অবশেষে তিনি বড়ো মঞ্চে পৌঁছে গেছেন। মাঠে এবং ড্রেসিং রুমেও সে আমাদের শক্তি জুগিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যত দিন যাচ্ছে ততই সে উন্নতি করছে। এটি অস্ট্রেলীয় দলের জন্য দারুণ ব্যাপার।’
দ্বিতীয় টেস্টেও একই দল রাখার পক্ষে পেইন। তবে সেটি নির্ভর করছে অ্যাডিলেড ওভালের উইকেটের ওপর। অসি অধিনায়ক বলেন, ‘আমার মতে বোলাররা যা করেছে তা এক কথায় অসাধারণ। চার দিনের মধ্যেই ২০টি উইকেট তুলে নিয়েছেন তারা। তবে প্রথম দুই টেস্টের স্কোয়াড গঠিত হয়ে গেছে। এখন আমরা এডিলেডে গিয়ে কন্ডিশন দেখব। সেখানে আমাদের গোলাপি বলে খেলতে হবে। সুতরাং এ বিষয়টিও বিবেচনায় আনতে হবে।’ —বাসস