বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে ৪১তম বিসিএস বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এখানে অন্যান্য ক্যাডারের সঙ্গে সরকারি সাধারণ কলেজ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক নিয়োগের কথা বলা হবে বলে ধারণা করা যাচ্ছে। সরকারি সাধারণ কলেজগুলোতে নিয়োগের যোগ্যতা হিসাবে নির্দিষ্ট তথা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক চাওয়া হয় এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসাবে স্নাতকের সঙ্গে চাওয়া হয় বিএড। অতীতে বিজ্ঞপ্তিতে দেখা যায়—পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, জীববিজ্ঞান অর্থাত্ বিজ্ঞানের মৌলিক বিষয়ে স্নাতক ও একইসঙ্গে বিএড ডিগ্রিধারীদের সরকারি সাধারণ কলেজগুলোতে বিসিএস (সাধারণ শিক্ষা) তথা প্রভাষক ছাড়াও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক (বিজ্ঞান) হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞান বিষয়ের অন্তর্গত পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ও খনিবিদ্যা ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বিএড থাকলেও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিজ্ঞান বিষয়ে প্রভাষক (বিজ্ঞান) হিসেবে আবেদনের সুযোগ দেওয়া হয়নি। অথচ এ বিষয়গুলোতে স্নাতকে বিজ্ঞান বিষয়ের সঙ্গে সম্পর্কিত পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ৫০০-৭০০ নম্বরের কোর্স পড়ানো হয়। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক (বিজ্ঞান) তথা বিজ্ঞানে প্রভাষক পদের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং শিক্ষা বিষয়ে ডিগ্রি তথা বিএড চাওয়া হয়। এখন কথা হচ্ছে—তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ও খনিবিদ্যা ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের বিএড থাকলে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু এ বিষয়গুলোতে স্নাতকধারীদের বিএড থাকা সত্ত্বেও অনলাইনে আবেদনপত্র পূরণের সময় কোডের সঙ্গে সামঞ্জস্য না হওয়ায় তারা প্রভাষক (বিজ্ঞান) পদের জন্য আবেদন করতে পারেনি। তাই আমরা ৪১তম বিসিএস-এ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিজ্ঞান বিষয়ে আবেদনের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শাহাদাত শাহিন, সোহেল আক্তার, আবু সুফিয়ান, মাহিদুল ইসলাম, শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যাটেরিয়ালস সায়েন্স, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়