শহিদ ডা. মিলন দিবস আজ

বিশেষ প্রতিনিধি

শহিদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের এদিনে এইচ এম এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন। মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতিবছর শহিদ ডা. মিলন সংসদ ২৭ নভেম্বর গণঅভ্যুত্থান শহিদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আওয়ামী লীগের কর্মসূচি

শহিদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আজ সকাল ৮টায়  আওয়ামী লীগ ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক বিবৃতিতে শহিদ ডা. শামসুল আলম খান মিলন দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ডা. মিলন দিবস পালনে আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজের সমাধিতে এবং সকাল সাড়ে ৮টায় টিএসসির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। বিকাল সাড়ে ৩টায় ওয়ার্কার্স পার্টি অফিস চত্বরে  (৩১/এফ, তোপখানা রোড, ঢাকা) বাংলাদেশ যুব মৈত্রীর উদ্যোগে শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাসদ  কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ শহিদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।