ডা. সঞ্চিতা বর্মন
সব ওষুধেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এর মধ্যে কিছু ওষুধ আছে যা দীর্ঘদিন সেবনের ফলে শরীরের ওজন বৃদ্ধি হতে পারে। তার মধ্যে স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘ দিন সেবন করলে ওজন বৃদ্ধি পায়। স্টেরয়েড জাতীয় ওষুধ সাধারণত হাঁপানি, এলার্জি, প্রচণ্ড ব্যথা, অস্থি সন্ধি ব্যথা, ত্বকের সমস্যা ইত্যাদির জন্য চিকিত্সক রোগীকে নির্দিষ্ট দিনের জন্য দিয়ে থাকেন। রোগী সুস্থ হবার পরও যদি স্টেরয়েড ওষুধ দীর্ঘদিন সেবন করেন তখন শরীরের ওজন বাড়াতে পারে।
খেলোয়াড় ও অ্যাথলেটরা শক্তি বাড়ানোর জন্য টেস্টোস্টেরন বা নানা ধরনের হরমোন সেবন করেন যা ওজন বৃদ্ধির জন্য দায়ী। এছাড়া ডায়াবেটিসে ব্যবহূত ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া, গ্লিটাজল জাতীয় ওষুধ ওজন বৃদ্ধির জন্য দায়ী। কিছু জন্ম নিয়ন্ত্রণ বড়িতে অধিক মাত্রায় স্টেরয়েড থাকে যাতে শরীরের ওজন বাড়ায়।
মানসিক বিষণ্নতা, মৃগীরোগের জন্যও অনেকেই ওষুধ সেবন করেন যা ওজন বৃদ্ধির জন্য দায়ী। তবে এই সকল ওষুধ রোগীকে প্রয়োজনেই খেতে হয়। তাই ওষুধ সেবন কালে ওজন কমানোর জন্য সচেষ্ট হতে হবে। অনেকের ধারণা ক্যালসিয়াম, ভিটামিন, ঘুমের ওষুধ খেলে ওজন বৃদ্ধি পায়। এই সব ওষুধের সাথে ওজন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। ওজন বৃদ্ধির জন্য আমাদের দৈনন্দিন জীবনাচরণই বেশি দায়ি। তাই ওজন নিয়ন্ত্রণের জন্য সঠিক জীবনযাপন জরুরি।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ