চিকিত্সকদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন অধ্যাপক ডা. জোহরা :স্বাস্থ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, চিকিত্সকদের জন্য আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব ও রোলমডেল ছিলেন অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী। তিনি বিনামূল্যে এমনকি মানুষের বাড়ি বাড়ি গিয়েও সেবা দিয়েছেন। মহাত্মা গান্ধীর আশ্রমেও তিনি রোগীদের সেবা দিয়েছেন। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন আদর্শ ও মহান শিক্ষক। গতকাল মঙ্গলবার বিকালে উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিত্সাবিদ অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী স্মরণে তার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী পরিষদের সভাপতি ও দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কার) শেখ মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. লতিফা সামসুদ্দিন, বিএমএ-এর সাবেক মহাসচিব ডা. সারোয়ার আলী, মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।