রে সি পি

একবেলার আহারে

প্রতিদিন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। তাই রসনার স্বাদে ভিন্নতা আনতে আপনি পরিবর্তন করতে পারেন খাবারের মেন্যু। ভিন্ন স্বাদের একবেলার আহারের ৪টি রেসিপি দিয়েছেন অসিত কর্মকার সুজন

 

টোফুর মুঠো

উপকরণ :টোফু কুঁচি ২৫০ গ্রাম, আলু সিদ্ধ আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, কাবাব মসলার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের ভাজা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া ও পদিনাপাতা কুঁচি আধা কাপ, কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ময়দা সামান্য, সরিষার তেল ১ টেবিল চামচ, ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রণালি :সব উপকরণ ভালোভাবে মাখিয়ে মুঠোয় নিয়ে গড়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

 

চিকেন কর্ন রাইস

উপকরণ :চাল আধা কেজি, চিকেন কিউব ২৫০ গ্রাম, সিদ্ধ কর্ন ১ কাপ, ঘি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, এলাচ ৬টি, দারুচিনি ৪ টুকরো, জয়ত্রী ও জয়ফল ২টি, লবঙ্গ ৫-৬টি , শাহি জিরা গুঁড়া ১ চা চামচ, পেস্তাবাদাম আধা কাপ, আলুবোখারা ৭-৮টি, টকদই ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।

প্রণালি :চিকেনের কিউবগুলো পেঁয়াজ, আদা, রসুন বাটা; গরম মসলা গুঁড়া ও টকদই দিয়ে মেখে কিছু সময় রেখে দিন। এরপর মেরিনেট করা মাংস বাকি সব মসলা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে সেগুলো তুলে রেখে সেই পাত্রের মসলায় চাল ভালো করে ভেজে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রাখুন। পানি শুকিয়ে এলে সিদ্ধ কর্ন ও আগে থেকে রান্না করা চিকেনের কিউবগুলো ভালোভাবে মিশিয়ে দমে রাখুন। ২০ মিনিট নামিয়ে পরিবেশন করুন।

 

 

ভাপে সরষে ইলিশ

উপকরণ :ইলিশ মাছ ৮ টুকরা, সরষে বাটা ৫ টেবিল চামচ, টকদই আধা কাপ, সরষের তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, নারকেল বাটা ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও পানি অল্প পরিমাণ ।

প্রণালি :সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে একটি স্টিলের টিফিন বক্সের মধ্যে রেখে ঢেকে দিন। এবার চুলায় একটি কড়াইয়ে অর্ধেক পানি দিন। ফুটে উঠলে তাতে বাটিটা দিয়ে বড় ঢাকনা দিন। ১০-১৫ মিনিট পর নামিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।

 

 

বাহারি জর্দা

উপকরণ :আতপ চাল ২৫০ গ্রাম, চিনি স্বাদ মতো, পছন্দমতো খাবার রং (সবুজ, কমলা, হলুদ), তেজপাতা, এলাচ ও দারুচিনি ২টি করে, পানি আধা লিটার, লবণ ২ চিমটি, সাজানোর জন্য ছানা চেরি ও কাজুবাদাম, ঘি পরিমাণমতো।

প্রণালি :একটি পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে তাতে তেজপাতা, এলাচ ও দারুচিনি একসঙ্গে ছোট একটা কাপড়ে বেঁধে দিয়ে দিন। এবার চাল দিয়ে দিন নাড়তে থাকুন। চাল আধা সিদ্ধ হলে মাড় ঝরিয়ে ফেলুন। চাল যেন একদম ঝরঝরে হয়। পানি ঝরানো চালকে চার ভাগ করে নিন। একটি প্যানে পরিমাণমতো ঘি দিন। ঘি গরম হলে চার ভাগের এক ভাগ আতপ চাল, স্বাদমতো চিনি, খাবার রং দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। এভাবে (সবুজ, কমলা, হলুদ) এই তিন রঙের চাল রান্না করুন। ঠাণ্ডা হয়ে এলে ছানা, চেরি ও কাজুবাদাম দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন রং বাহারি জর্দা।