মানুষের মাঝে আল্লাহভীতি সৃষ্টি হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে ---------পীর সাহেব চরমোনাই

পীর সাহেব চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ মো. রেজাউল করিম বলেছেন, দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে মহাবিশ্বের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। যারা এমনটি করেন, তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই লাঞ্ছিত হবেন। পীর সাহেব চরমোনাই আরো বলেন, মানুষের মাঝে আল্লাহভীতি সৃষ্টি হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দেশের অন্যতম বৃহত্তম মুসলিম জমায়েত চরমোনাইর তিন দিনব্যাপী বাত্সরিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। বাদ জোহর পীর সাহেব চরমোনাই এ মাহফিল উদ্বোধন করেন।

বাত্সরিক মাহফিলকে ঘিরে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ মাঠসহ আশপাশের ময়দান এক দিন আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। লাখো মুসল্লির জিকিরের ধ্বনিতে মুখরিত এখন গোটা চরমোনাই।

মাহফিলের দ্বিতীয় দিন আজ বুধবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভারতের দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিসগণ ও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরামগণ উপস্থিত থাকার কথা রয়েছে। তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল ৯টায় ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সম্মেলন ও বেলা ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জমায়েত অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৮টায় আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিক সমাপ্ত হবে।

চরমোনাই মাহফিলে মুসল্লিদের অবস্থানের জন্য বিশাল দুটি মাঠে শামিয়ানা টানানো হয়েছে। মাহফিলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। মাহফিলে আগত মুসল্লিদের নিচ্ছিদ্র নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিত্সকদের তত্ত্বাবধানে ১০০ বেডের একটি অস্থায়ী হাসপাতাল রয়েছে।