‘অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা নেই বিএনপির’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এখন নিজেদের প্রভু ভাবতে শুরু করেছে, রাষ্ট্রের প্রভু। সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভিন্ন একটা রাজনৈতিক দল কীভাবে চলবে এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই। অথচ সংবিধানে খুব পরিষ্কারভাবে সব দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেওয়া আছে।
গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাই না, আমরা অবগত করি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে করলে পিডব্লিউডি, সড়কে করলে পুলিশের কাছে অনুমতি নিতে হয়। কিন্তু এই সরকার যেটা করছে সেটা গ্রাম্য মোড়লের কায়দায় করছে। সরকার অনুমতি দিতে তালবাহানা করে থাকে। সভা-সমাবেশের দুই ঘণ্টা আগে অনুমতি দিয়ে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা খুব কঠিন। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে প্রভু বনে গিয়েছিল। এখন তারা পাকাপোক্ত প্রভু হিসেবে বসতে চায়। তারা নিজেদের রাজা-বাদশা ও প্রভু ভাবতে শুরু করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।