লন্ডনে শুক্রবার চলন্ত ট্রেনে এক যুবক যখন ইহুদি পরিবারের মুখের সামনে তাদের ধর্ম নিয়ে অবমাননাকর কথা বলছিলেন, তখন প্রতিবাদে এগিয়ে এসেছিলেন আসমা শুয়েখ নামে এক মুসলিম নারী। ঐ যুবকের সঙ্গে হিজাব পরা আসমা শুয়েখের বাগিবতণ্ডার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা টুইটারে পোস্ট করেন আরেক যাত্রী। তার পর থেকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়াও মূলধারার সংবাদমাধ্যমেও তুমুল চর্চা চলছে। সহযাত্রী পরিবারের পক্ষ নিয়ে ইহুদিবিদ্বেষী কথাবার্তা বলার বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়ানোর জন্য টুইটারে সারা বিশ্বের লাখ লাখ মানুষ আসমা শুয়েখকে অভিনন্দন জানাচ্ছেন। আসমা শুয়েখ বলেন, এত প্রশংসা আমার প্রাপ্য নয়, আমার সামনে এমন ঘটনা ঘটলে আমি আবার মাথা গলাব। —বিবিসি