রাজধানীর যানজট নিরসনে ঢাকা শহরে রিকশা বন্ধ করা কোনো সমাধান নয়। বরং রিকশা চলাচলে আলাদা লেন তৈরি, উন্নত গণপরিবহন ব্যবস্থা চালু হলে যানজট এড়ানো সম্ভব। এ জন্য রিকশার আলাদা লেনও তৈরি করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ঢাকা মহানগরীর গণপরিবহন ও রিকশা : বাস্তবতা, সমস্যা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
বিলসের গবেষণার মতে, ঢাকায় ১০ লাখ রিকশা রয়েছে। এগুলো দুই শিফটে ২০ লাখ মানুষ চালায়। ২০ লাখ মানুষের ওপর আরো ৬০ লাখ মানুষ নির্ভরশীল। অর্থাত্ ঢাকায় রিকশার ওপর ৮০ লাখ মানুষ নির্ভর করে। এর মধ্যে অর্ধেক অর্থাত্ ৪০ লাখ থাকেন গ্রামে। তাদের ভরণ-পোষণের ঢাকা থেকে অর্থ পাঠাতে হয়।
সভায় বক্তারা বলেন, ঢাকা শহরের একটি বড়ো অংশ গণপরিবহনের আওতায় আনা সম্ভব নয়। এটা পরিকল্পনাবিদরা ভালো বলতে পারবেন। তবে মনে হয় সম্ভব নয়। ফলে সেখানে রিকশার বিকল্প নেই।
বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ বলেন, ঢাকায় রিকশা তুলে দেওয়ার মতো অবস্থা নেই। তবে বৈধ রিকশা রেখে, অবৈধ রিকশা উচ্ছেদ করতে হবে। যেসব ভিআইপি সড়কে রিকশা চলে না, সেখানেও যানজট আছে। রিকশা যানজটের প্রধান কারণ, এটি ঠিক নয়।