সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিকদের (চালক ও সহকারীদের) নিয়োগপত্র দেবেন মালিকরা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পরিবহন মালিকদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এ বিষয়টি বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের চিঠি দেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, ইসরাফিল আলম ও শামসুন নাহার অংশ নেন। বৈঠকে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল বোর্ডের নিয়ন্ত্রণ, বোর্ডকে আরো যুগোপযোগী ও বাস্তবসম্মত করার লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএর উপযুক্ত প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এই কমিটির সুপারিশসমূহ পরবর্তীতে সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে।