সরকারি হাইস্কুলে ভর্তি পরীক্ষা নতুন পদ্ধতির প্রশ্নে

এবার নতুন পদ্ধতির প্রশ্নপত্র করা হবে সরকারি হাইস্কুলে ভর্তিতে। সৃজনশীল, রচনামূলক প্রশ্নের পরিবর্তে অল্পকথায় বা এককথায় উত্তর দেওয়ার মতো প্রশ্ন থাকবে। এছাড়া থাকবে শূন্যস্থান, টেবিল/চার্ট, সমস্যা সমাধান/ধাঁধা। শিক্ষার্থী মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশ্নপদ্ধতিতে এই পরিবর্তন আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন নির্দেশিকা ইতিমধ্যে সারা দেশে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যান্য বছরের মতো এবারও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি করা হবে সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয়-অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান ৫০, এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০ নম্বর। ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা। চতুর্থ-অষ্টম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় ২ ঘণ্টা।

ভর্তির সুবিধার্থে ঢাকার স্কুলগুলোকে এবারও তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপের স্কুলের পরীক্ষা ১৮ ডিসেম্বর, ‘খ’ গ্রুপের ১৯ এবং ‘গ’ গ্রুপের পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারও ভর্তিতে প্রথম ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে না। প্রথম শ্রেণিতে লটারি আর নবম শ্রেণিতে জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির লটারি করা হবে ২৪ ডিসেম্বর। ঢাকার বাইরের স্কুলগুলোয় উল্লিখিত সময় অনুযায়ী আবেদন নেওয়া হলেও পরীক্ষা স্থানীয়ভাবে নির্ধারিত তারিখে নেওয়া যাবে। এক্ষেত্রে জেলায় ডিসি এবং উপজেলায় ইউএনওর নেতৃত্বে প্রস্তাবিত কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া যাবে।

রাজধানীর ৩৯টি হাইস্কুলে এবং তিনটি স্কুলের মধ্যে (তিনটি) ফিডার শাখার বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৪২টি হাইস্কুল সমানভাবে ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে ১৪টি করে ভাগ করা হয়েছে। এবারও রাজধানীর মোট ১৬টি হাইস্কুলে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাকি স্কুলগুলোর কোনোটি দ্বিতীয় আবার কোনোটি তৃতীয় বা ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নেওয়া স্কুলগুলো হচ্ছে—আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, ধানমন্ডি গভ. বয়েজ উচ্চবিদ্যালয়, ধানমন্ডি গভ. বয়েজ উচ্চবিদ্যালয়ের ফিডার শাখা, তেজগাঁও বালক উচ্চবিদ্যালয়, তেজগাঁও বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল বালক উচ্চবিদ্যালয়, খিলগাঁও সরকারি হাইস্কুল, খিলগাঁও সরকারি হাইস্কুলের ফিডার শাখা, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও গণভবন সরকারি উচ্চবিদ্যালয়।

প্রথম শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীর বয়স জানুয়ারিতে ছয় বছরের বেশি হতে হবে। ভর্তি ফরমের দাম এবারও ১৭০ টাকা। আবেদন কার্যক্রম পরিচালিত হবে টেলিটকের মাধ্যমে।