মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারটা আপাতত থমকেই আছে। বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে তাকে আর দেখা যায়নি। বলাবলি হচ্ছে, ইতিই ঘটে গেছে ধোনির ক্যারিয়ারের। যদিও, ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের ক্যারিয়ারের শেষটা এভাবে চান না দলের কোচ রবি শাস্ত্রী। তিনি অন্তত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর পর্যন্ত অপেক্ষা করতে বললেন।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে দারুণ দুটি সিরিজ কাটানো ভারতীয় দল এখন আছে ফুরফুরে মেজাজে। এমন সময়ই দলের কোচ শাস্ত্রী মুখ খুললেন ধোনি ইস্যুতে। তিনি মনে করছেন ধোনির সুযোগ এখনই শেষ হয়ে যায়নি।
ধোনির প্রতি বার্তা দিয়ে ভারতীয় দলের এই কোচ বলেন, ‘ধোনির অবসর নিয়ে এই মুহূর্তেই কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত হবে না। সে কখন খেলা শুরু করবে, সেটা দেখার বিষয় অবশ্যই। জাতীয় দলের হয়ে বাকি উইকেটরক্ষকরা কেমন পারফরম করছে, সেটাও বিবেচ্য হবে। আইপিএল পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। আইপিএলের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের ১৫ জনের দল বাছাই করা হবে।’
বোঝাই যাচ্ছে, কোচ এবং দল এখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন। আর তাদের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন ধোনি। আর এই আলোচনার পালে হাওয়া দিচ্ছে সাম্প্রতিক একটি খবর। কিছুদিন হলো অনুশীলনে ফিরেছেন ভারতকে ২০১১ সালের বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া এই অধিনায়ক।
আরো পড়ুন : মেসির ৭০০তম ম্যাচ আজ
ফলে, আরো একবার জাতীয় দলের জার্সি চাপাবেন তিনি শরীরে—এমন গুঞ্জন ঘুরেফিরেই উঠছে। যদিও প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ ধোনির ভবিষ্যত্ নিয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন, ধোনিকে ফেলে আপাতত সামনের দিকেই এগিয়ে যেতে চান তারা। তবে, গোল বেঁধেছে অন্য জায়গায়। কারণ, তার পরিবর্তে দলে ডাক পাওয়া ঋষাভ পান্ত নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ক্রমাগত। আর এবার শাস্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয় যে, তিনি এখনো পরিকল্পনাতে আছেন।
যদিও, সেই জন্য ধোনির পারফরম করতে হবে আসন্ন আইপিএলে। শাস্ত্রী বলেন, ‘আইপিএলের পরেই বিশ্বকাপ স্কোয়াডের চিত্র পরিষ্কার হবে। চোট আঘাতের সমস্যা থাকতে পারে কোনো কোনো ক্রিকেটারের। এখনই ভবিষ্যদ্বাণী না করে আইপিএল পর্যন্ত অপেক্ষা করা হোক। তারপরে বোঝা যাবে ১৭ জনের স্কোয়াডে কারা কারা থাকতে চলেছে।
ইত্তেফাক/এসি