‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’র সম্পাদনার কাজ চলছে। এর মধ্যে ছবির সব অভিনয়শিল্পী তাদের ডাবিং শেষ করেছেন। এবারের এই ছবির সঙ্গে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। ছবিটির আবহসংগীতের পাশাপাশি এতে ব্যবহূত একটি গানের সংগীত পরিচালনা করবেন তিনি। দেবজ্যোতি মিশ্র বলেন, ‘ছবিটির বিষয়বৈচিত্র্য ভালো। গত বছরের শেষের দিকে পরিচালক ফাখরুল আরেফীন খান, এই ছবির গল্পটি আমার সঙ্গে শেয়ার করেন। গল্পটি শুনেই ছবির আবহ সংগীত পরিচালনায় রাজি হয়েছি। আশা করছি, সবাইকে একটু ভিন্ন কিছু উপহার দিতে পারব। পাশাপাশি একদল তরুণ এই ছবির পেছনে কাজ করছে। তারা প্রত্যেকেই ছবিটির জন্য যথেষ্ট পরিশ্রম করছে। এমন গল্পের ছবি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ ফাখরুল আরেফীন খান বলেন, ‘এই সিনেমার গল্পে যেমন রয়েছে পাশ্চাত্যের আধুনিকতা, ঠিক তেমনি আছে প্রাচ্যের বিভিন্ন ঘটনা। আবার আমার ছবির দৃশ্যধারণ বাংলাদেশ ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে হয়েছে। সে কারণেই আমি চিন্তা করছিলাম যে, এমন কাউকে দিয়ে ছবিটির আবহসংগীতের কাজটি করাতে চাই, যিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সংগীত নিয়ে কাজ করেন। তখনই মনে হলো দেবজ্যোতি মিশ্রর কথা। তার সঙ্গে কথা বলা মাত্রই তিনিও রাজি হলেন।’
রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র ‘গণ্ডি’ এগিয়েছে মূলত বয়স্ক দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সের দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কিভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পশ্চিমবঙ্গের পায়েল মুখার্জিসহ আরো অনেকে।
ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।্র