বিশ্ব গণমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলার রায় বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে। এর আগে আজ বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এই রায়ে সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর পরই বিশ্বের প্রথমসারির গণমাধ্যমে এর সংবাদ বেশ গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইন তাদের প্রথম পাতায় এই রায়ের সংবাদ প্রকাশ করেছে। এর শিরোনামে লেখা হয়েছে, ‘হলি আর্টিজান ক্যাফে: বাংলাদেশে ২০১৬ সালের হামলায় ইসলামপন্থীদের মৃত্যুদণ্ড।’ 

রয়টার্স লিখেছে, ‘বাংলাদেশে ২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা’। 

তাছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা, সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আদালত।'

সিএনএন বলেছে, ‘বাংলাদেশের মারাত্মক সন্ত্রাসী হামলার অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ড।’ 

সিনহুয়া শিরোনাম করেছে, ‘বাংলাদেশে ক্যাফে সন্ত্রাসী হামলার ঘটনায় সাত জঙ্গির মৃত্যুদণ্ড, ১ জন খালাস।’

উল্লেখ্য, ২০১৬ সালের পহেলা জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে পুলিশের দুই সদস্য নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ঐ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ। হামলার ৩ বছর পর ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করলো আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। এই মামলা থেকে খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

  ইত্তেফাক/এসইউ