হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলার রায়ের পর নিজেদের এক বিবৃতিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র হাই-কমিশন জানিয়েছে, হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলার রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ। বুধবার এক বিবৃতিতে তারা এ কথা জানায়।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্ত কাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশী আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে।
আরও পড়ুন: হলি আর্টিজান হামলা মামলায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ড
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করা হয়।
ইত্তেফাক/এসইউ