ইভ্যালি ও লুবনানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

সম্প্রতি ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালির সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে লুবনান গ্রুপ অব কনসোর্টিয়াম। মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে গ্রাহকরা লুবনান, রিচম্যান এবং ইনফিনিটি মেগা মলের পণ্য এবং গিফট কার্ড বিশেষ মূল্য ছাড়ে কিনতে পারবেন ইভ্যালি থেকে। একই সঙ্গে লুবনানের গিফট কার্ডও ইভ্যালিতে হ্রাসকৃত মূল্যে পাবেন গ্রাহকরা।

চুক্তির সামগ্রিক বিষয় নিয়ে ইভ্যালি প্রধান মোহাম্মদ রাসেল বলেন, 'লুবনান গ্রুপ এবং তাদের প্রতিষ্ঠানগুলো দেশের বেশ জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড। তাদের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত। এতে করে আমরা উভয়েই তো বটেই আমাদের যে বিশাল গ্রাহক শ্রেণি আছেন তারাও বিশেষ সুবিধা পাবেন।'

এই সমঝোতা চুক্তির আওতায়, লুবনান গ্রুপ অব কনসোর্টিয়ামের সহযোগী প্রতিষ্ঠানগুলোর পণ্য এখন থেকে ইভ্যালি থেকে অনলাইনে কিনতে পারবেন গ্রাহকেরা। এই গিফট কার্ড দিয়ে কার্ডের ক্রয়মূল্যের অধিক মূল্যের সমপরিমাণ পণ্য দেশব্যাপী লুবনান, রিচম্যান এবং ইনফিনিটির যেকোনো শো-রুম থেকে কিনতে পারবেন গ্রাহকেরা। দুইটি ক্যাটেগরিতে থাকছে ৫০০ টাকা এবং এক হাজার টাকার সমপরিমাণ পণ্য কেনার গিফট কার্ড। গ্রাহকেরা ইভ্যালিতে এসব কার্ড যথাক্রমে ৪০০ টাকা এবং ৮০০ টাকায় কিনতে পারবেন।   

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লুবনান গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চীফ কর্মারসিয়াল অফিসার (সিসিও) জি এম রাশেদুল হক মুকুল ও নির্বাহী মো. মাহবুবুল হক এবং ইভ্যালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মো. আবু তাহের সাদ্দাম এবং সহকারী ব্যবস্থাপক ফারজানা দৃষ্টি।

ইত্তেফাক/জেডএইচডি