ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী এ জরিমানা করা হয়।
গতকাল বুধবার বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকার মেসার্স স্বর্ণ কানন জুয়েলার্স ও মেসার্স মিজান জুয়েলার্সের ওজন ও পরিমাপক যন্ত্রের ওজনে তারতম্য দেখতে পাওয়ায় প্রতিষ্ঠান দুইটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স অমিত অ্যান্ড ব্রাদার্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে নন স্ট্যান্ডার্ড কাঠের গজকাঠি ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন ও পরিদর্শক মো. লিয়াকত হোসেন অংশ নেন।—প্রেস বিজ্ঞপ্তি