গত বছর ফোর্ড কাপে অ্যান্ড্রু এলিসের মাথায় বল লেগে বাউন্ডারি হয়ে গিয়েছিল। ঐ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার এবার দারুণ সাবধানী। বল করছেন হেলমেট মাথায় দিয়ে! নিউজিল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে জিত রাভালের একটি জোরালো শট লাগে ফলো থ্রুতে থাকা এলিসের মাথায়। মাথায় ছোবল দিয়ে আরো প্রায় ৭০ মিটার উড়ে গিয়ে পড়ে সীমানার বাইরে। আঘাতটা প্রথমে গুরুতর মনে হলেও কনকাশন টেস্টে উতরে গিয়েছিলেন এলিস। আঘাত পাওয়ার পর ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) আরো তত্পরতা দেখানোর আহ্বান জানিয়েছিলেন নিউজিল্যান্ডের হয়ে ১৫টি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলা এই পেস বোলিং অলরাউন্ডার। টুর্নামেন্টে এবারের আসরে অবশ্য বোর্ডের তত্পরতার জন্য অপেক্ষা করেননি এলিস। অনেকটা হকি গোলকিপারদের হেলমেটের মতো বিশেষ এক হেলমেট পরে এই মৌসুমে করে চলেছেন বোলিং।