উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে দরিদ্র নারীদের প্রশিক্ষণের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। বুধবার বিকালে আটককৃতদের কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, করতোয়া কারিগরি প্রশিক্ষণ প্রকল্প নামের একটি ভুয়া প্রতিষ্ঠান উপজেলার সাড়ে ৭ হাজার নারীকে সেলাই প্রশিক্ষণসহ আত্মকর্মসংস্থানের সুযোগ ও দারিদ্র্য দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে। প্রতারিত নারীদের পক্ষে বিজলী বেগমের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে উলিপুর থানা পুলিশ গত মঙ্গলবার রাতে প্রতারকদের আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা, সেলাইমেশিন, ১৩টি মোবাইল, দুইটি ট্যাব, একাধিক সিমকার্ড ও বিকাশের প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।