বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাঘা ও চারঘাট এলাকার আটক তিন জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে পদ্মায় মাছ শিকার করতে গেলে তাদের আটক করা হয়। তবে বিকেলে উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনেন। জেলেরা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাছ ধরছিল বলে দাবি করেছে বিএসএফ।
তিন বাংলাদেশি জেলে হলো—বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু, চারঘাটের রাওথা গ্রামের ইয়াজ মণ্ডলের ছেলে এনামুল হক ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ইসলাম।
মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, আমাদের কাছে বিএসএফ সকাল সাড়ে ৯টায় একটি মেসেজ দেন, ভারতের সীমান্তে অবৈধভাবে প্রবেশের কারণে তিন বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তারপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিকেলে ফিরিয়ে আনা হয়।