স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
ছারছিনা দরবার শরিফের তিন দিনব্যাপী ১২৯তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল কাল শুক্রবার থেকে শুরু হবে। রবিবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ্ উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন ছারছিনার পির। রবিবার বাদ যোহর আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পির। এদিকে মাহফিলের জন্য বিশাল প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাস, লঞ্চ, ট্রলারযোগে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সেখানে আসতে শুরু করেছেন। দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ মাহফিলে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও মুসল্লিদের স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিক মেডিক্যাল টিম নিয়োজিত থাকবে।