ইবিতে ভর্তি প্রক্রিয়া সহজ করুন

গৌরবের চারটি দশক পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিকীকরণের স্বপ্ন লালন করছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অনলাইন নির্ভরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের ভর্তি প্রক্রিয়াটি রয়ে গেছে সেকেলে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ থেকে শুরু করে আবাসিক হল, ব্যাংক, নির্দিষ্ট স্বাক্ষরকারীর কক্ষ ইত্যাদি জায়গায় অবিরাম ছুটে চলতে হয়। বিভিন্ন স্থান থেকে রসিদ সংগ্রহ এবং প্রত্যেকটি খাতে আলাদা অর্থ জমা, অতি ধীরস্থির কার্যক্রম এবং ব্যাংকে দীর্ঘলাইনসহ পোহাতে হয় নানা বিড়ম্বনা। অনেক সময় নির্দিষ্ট সময়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করাই কষ্টকর হয়ে পড়ে। বর্তমানে অধ্যয়নরত প্রায় ১৬ হাজার শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে অনেক বেগ পোহাতে হয়। দায়িত্বপ্রাপ্ত কতিপয় ব্যক্তির কাজের প্রতি অবহেলা এবং আন্তরিক না হওয়ার ফলে শিক্ষার্থীদের অনেক সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। সুতরাং জটিল ভর্তি প্রক্রিয়ার দুর্ভোগ ঘোচাতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনলাইনভিত্তিক বা সহজাত উপায়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

মো. আশিকুর রহমান

শিক্ষার্থী,  ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া