পাবলিক লাইব্রেরি সংস্কার করুন

সরকারি-বেসরকারি চাকরি প্রত্যাশীরা পড়াশোনা করতে প্রতিদিনই বাংলাদেশের পাবলিক লাইব্রেরিগুলোতে ভিড় জমাচ্ছেন। লাইব্রেরিগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গ্রন্থাগার, সুফিয়া কামাল গণগ্রন্থাগারের ভিড় চোখে পড়ার মতো। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি, জাতীয় গণগ্রন্থাগারসহ প্রায় সকল গ্রন্থাগারে সবসময়ই শিক্ষার্থীরা থাকেন। দেশে চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাতে পাবলিক লাইব্রেরির সংখ্যা খুবই কম। সকাল ৬টা থেকে একটি সিটের আশায় লাইন দিয়ে সিট পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন জ্ঞানপিপাসুরা। সিট সংকট, ওয়াশরুমের সমস্যাসহ নানাবিধ সমস্যার কথা পাঠকদের মুখে শোনা যায়। এ অবস্থায় সিট ও রেফারেন্স বই বৃদ্ধি এবং পাবলিক লাইব্রেরিতে নানাবিধ সংস্কারসহ নতুন পাবলিক লাইব্রেরি নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।   

মো. হাছিবুল বাসার

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়