মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র, জনতার মঞ্চের রূপকার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় মানবঢাল রচনা করে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও নিজেকে বাঁচাতে পারেননি তিনি। মস্তিষ্কসহ সর্বাঙ্গে বিঁধে থাকা ঘাতক গ্রেনেডের স্প্লিন্টারের দুঃসহ যন্ত্রণা নিয়ে চিকিত্সাধীন অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুর কাছে পরাজিত হন।

মোহাম্মদ হানিফের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, একজন সফল রাজনীতিক জননেতা মোহাম্মদ হানিফ তার কর্মের মাধ্যমে জনগণের হূদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তিনি মোহাম্মদ হানিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ তথা বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী, পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ এ দেশের মানুষের হূদয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন। তিনি মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, সাড়ে ১০টায় আজিমপুরস্থ মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, বেলা সাড়ে ১১টায় নগর ভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।